‘একটি স্বাধীন দেশে এ ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে না’

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৬:৫৬ পিএম

আমার মতো দেশে অনেক মা তার সন্তানকে হারিয়ে অবর্ণনীয় দুঃখের দিন পার করছেন উল্লেখ করে তিন বছরেরও অধিক সময় ধরে নিখোঁজ ছাত্রলীগ কর্মী মোজ্জাম্মেল হোসেন তপুর মা বলেছেন, ‘একটি স্বাধীন দেশে এ ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে না’।

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের ডাক’ নামে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিসহ বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছেন। জাতির প্রতি সবচেয়ে ভালো উপহার হবে, যারা গুম হয়েছেন তাদের সবাইকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়া।

অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিবছর আমরা এই আলোচনা অনুষ্ঠানে আসি এবং একইরকম হতাশাগ্রস্ত মুখগুলো দেখি। কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের আহ্বান ক্ষমতাসীনদের কানে পৌঁছায় না।

গুমের ঘটনাগুলো তদন্তের জন্য আমরা স্বাধীন কমিশন গঠন ও নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২০১৩ সালে গুম হওয়া বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম ফেরদৌসি বলেন, বার্ধক্যজনিত সমস্যায় ভোগা মা এখনো সন্তানের অপেক্ষায় রয়েছেন। মরার আগে শেষবারের মতো ওকে দেখে যেতে চান। তবে আমার ভাইকে বোধ হয় মা আর দেখে যেতে পারবেন না।

প্রসঙ্গত, ৩০ আগস্ট  জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষিত ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’। ইংরেজিতে এই দিবসের পুরো নাম ‘ইন্টারন্যাশনাল ডে ফর ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ অর্থাৎ গুমের শিকার ব্যক্তিবর্গের আন্তর্জাতিক দিবস। সাধারণ পরিষদ ২০১১ সাল থেকে এই দিবসটি পালনের জন্য আহ্বান জানিয়েছে সব দেশকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত