ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মো. মোস্তফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।
গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জের ইছাপুরা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেলের দুই আরোহী। পথে গজারিয়া উপজেলার আলীপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জাকির মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান মোটরসাইকেল আরোহী মিরাজ।
