গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ এএম

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার শোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন- বিজন হাওলাদার (২৫), রাসেল (২৪) ও কমল মন্ডল (২৫)। এদের সবার বাাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজরপুরগামী একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে পৌঁছালে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পেছনে এসে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও অপর ১২ জন যত্রী আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, মারাত্মক আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত