ভৈরবে নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবের কালিপুর এলাকায় রাজিব (২২) নামে গ্যারেজের এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোররাতের মধ্যবর্তী যেকোনো সময়ে।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রাজিবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার রতন খানের অটোরিকশার গ্যারেজ থেকে নৈশপ্রহরী রাজিবের গলাকাটা ও ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মরহুম মন্নাফ মিয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক রাজিব এক মাস আগে গ্যারেজটির নৈশপ্রহরীর চাকরি নেন।

নিহত রাজিবের ছোট ভাই সজীব জানান, তার বড় ভাই ৬ হাজার টাকা মাসিক বেতনে গ্যারেজটিতে চাকরি নেন। আজ সকালে স্থানীয় এক লোকের মাধ্যমে খবর পান তার ভাইকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

ভৈরব থানার ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলেও তিনি জানান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত