মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিও সিরিজ ‘বিহাইন্ড দ্য টুইটসে’র অংশ হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রথম ভারতীয় তারকা হিসেবে তিনি এই সুযোগ পেলেন।
টুইটার মুভিজ নামের অ্যাকাউন্টে এই অভিনেত্রীর সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ হয়েছে।
‘বিহাইন্ড দ্য টুইটস’ মূলত ভিডিও সিরিজ। যেখানে সেলিব্রিটিরা নিজেদের আলোচিত টুইটের পেছনে কথা জানান।
৩৭ বছরের প্রিয়াঙ্কা বর্তমানে বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’-এর প্রচারে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর সোমবার প্রকাশ হওয়া ‘বিহাইন্ড দ্য টুইটসের’ প্রথম ক্লিপে এই বিষয়টিও ওঠে আসে।
সেখানে প্রিয়াঙ্কা জানান, কিছুদিন ধরে তিনি টুইটার ব্যবহার করছেন। পুরোনো টুইট ও এর পেছনের গল্পগুলো ভাবতে তিনি মজা পান। হয়তো কিছু বছর পর ‘দ্য স্কাই ইজ পিংক’-এর প্রচার ও মুক্তির পোস্টগুলো আবার দেখতে পাবেন পুরোনো টুইটে।
জানা গেছে, শিগগিরই প্রিয়াঙ্কার দ্বিতীয় ভিডিও প্রকাশ করবে টুইটার।
‘দ্য স্কাই ইজ পিংক’ পরিচালনা করেন সোনালি বোস। আরও অভিনয় করেছেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। সিনেমাটি মুক্তি পাবে ১১ অক্টোবর।