বগুড়ায় রনির ৫ উইকেট

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৮:০৩ পিএম

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাড়তি পেসার হিসেবে সুযোগ পেয়েছিলেন স্কোয়াডে। অবশ্য ম্যাচ খেলা হয়নি। পরে এ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেন। আলোচনায় আসার মতো তেমন কিছু করতে পারেননি আবু হায়দার রনি। তবে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ৫ উইকেট শিকার করে আলোয় এলেন এই পেসার।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার সিলেট বিভাগের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার। লিগের প্রথম রাউন্ডে খেলা হয়নি তার।

বৃহস্পতিবার ২৪৬ রানে গুটিয়ে গিয়েছিল মেট্রোর প্রথম ইনিংস। আগের দিনের ১ উইকেটে ৫ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেছিল সিলেট বিভাগ। এদিন আবু হায়দার রনির ৫ উইকেটের পরও অবশ্য প্রথম ইনিংসে লিড নিয়েছে সিলেট। অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৩১৯ রান জমা করে দলটি।

এরপর শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৯ রান তুলে দিন শেষ করেছে মেট্রো।

আগের দিন ইমতিয়াজের উইকেট তুলে নিয়েছিলেন আবু হায়দার রনি। এদিন নিলেন আরো ৪টি। তবে তার তিনটিই ছিল লেজের ব্যাটার। অবশ্য এদিন ফিফটি করা ওপেনার তৌফিক খানকে (৬১) ফিরিয়ে দিনের শুরুতে দলকে ব্রেক থ্রো দিয়েছিলেন আবু হায়দারই। তার অন্য তিন শিকার রাহাতুল ফেরদৌস (১), আবু জায়েদ ও ইমরান আলি (০)।

সিলেটের পক্ষে তৌফিক ছাড়াও ফিফটি করেন আরো তিন ব্যাটার। জাকির হাসান (৭১), অলক কাপালি (৫৪) ও উইকেটরক্ষক জাকের আলি (৭১)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত