বগুড়ার ধুনটে সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে শৌচাগার সংযোগের ঢাকনা খুলতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছেন। রবিবার সকালে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে নিয়াজুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩২)।
ধুনট থানার উপ-পরিদর্শক(এসআই) প্রদীপ কুমার জানান, নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে নতুন শৌচাগার নির্মাণের কাজ চলছিল। কয়েকদিন আগে সেই শৌচাগারের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়।
রবিবার সকালে দুইজন শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে নেমে সংযোগ সাটারিং (ঢাকনা) খুলতে যান। এর পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন।
স্থানীয় লোকজন নিয়াজুলকে মৃত এবং মহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মহিদুলকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই প্রদীপ।
