নওগাঁর মান্দায় এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক সংখ্যালঘু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মান্দা থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ছোট চক চম্পক গ্রামে।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে ওই শিক্ষার্থী ছোট চক চম্পক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) এর বাসায় প্রাইভেট পড়ার জন্য যায়। এসময় অন্য কোন শিক্ষার্থী না থাকায় শিক্ষক আমিনুল ইসলাম কৌশলে তৃতীয় তলার একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী তার মা কে বিস্তারিত জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সহকারী শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
শিক্ষক আমিনুল ইসলাম মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের ছোট চক চম্পক গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের ছোট চক চম্পক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর নওগাঁ সদর হাসপাতালে শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আসামিকে গেপ্তারে অভিযান চলছে।
