ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ব্যাবসায়ী আটক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৭:৩৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাঙ্গ ও কটূক্তি করে ফেইসবুকে মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে বিএনপি সমর্থিত আমির হোসেন পাটোয়ারি (৫৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান হোসেনের দায়ের করা মামলায় গত বুধবার দিবাগত গভীর রাতে মিজমিজি পাইনাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আমির হোসেন পাটোয়ারি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া গ্রামের মৃত মোহাম্মদুল্লাহ পাটোয়ারির ছেলে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়া এলাকার সামাদ টাওয়ারের বাসিন্দা। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী দশ তলা ভবন সংলগ্ন এলাকায় তার এ এইচ কার্গো নার্ভিস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এই ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসেই আমির হোসাইন নামক ফেইসবুকে আমির হোসেন পাটোয়ারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রশাসন, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে এবং সরকার বিরোধী উসকানি মূলক বিভিন্ন মন্তব্য ও ছবি পোস্ট করতেন বলে অভিযোগ করা হয়।

এসব খারাপ ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করলে আমির হোসেন পাটোয়ারি বাদী নোমান হোসেনকে বিভিন্ন হুমকি প্রদান করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী নোমান হোসেন (৩৮) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুগন্ধি গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক মামলা ও আমির হোসেন পাটোয়ারিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত