দল থেকে উইপোকা ও ছারপোকাদের বের করতে হবে: হাছান মাহমুদ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৬:৫৬ পিএম

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে দলে যে সমস্ত অনুপ্রবেশকারী উইপোকা ও ছারপোকা ঢুকেছে তাদেরকে বের করতে হবে।

রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর এক কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ৬ সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের পর ২১ বছর ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ। বুকে পাথর বেঁধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তখন সংগঠন দুর্বল ছিল না, শক্তিশালী ছিল। সেই শক্তির ওপর ভর করে শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের সেই পোড় খাওয়া নেতৃত্বের আদলে এখন নেতাকর্মী দরকার। যাদের মনে বাঙালি কি বাংলাদেশি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমাদের ওপর যারা অত্যাচার করেছে, পেট্রল বোমা মারার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সংগঠনে দরকার নাই। তাদেরকে দল থেকে বের করতে হবে।

পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে কোন কোন এলাকায় দলে অলসতা দেখা দিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই সুসময় সব সময় থাকবে এটি মনে করার কোন কারণ নেই। যেকোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় তখন কেউ ভাবেনি আমাদের দলে এই ধরনের একটি দুর্যোগ বয়ে আসবে।

তিনি বলেন, পেট্রলবোমা বাহিনী, স্বাধীনতার বিরোধী চক্র, যারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চান না​ তারা বসে নাই। সুতরাং তাদের আজকের ষড়যন্ত্রের নতুন সংস্করণ হচ্ছে আমাদের সংগঠনের মধ্যে উইপোকা-ছারপোকা ঢুকিয়ে দিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত