নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু যোগ করা সময়ে খেলায় পার্থক্য গড়ে দিলেন দগলাস কস্তা। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের দুর্দান্ত গোলে রুশ ক্লাব লকোমতিভ মস্কোকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে জুভেন্তাস।
মস্কোয় বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। খেলার শুরুতে অ্যারন রামসির গোলে এগিয়ে গেলেও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্তাস। দ্বাদশ মিনিটে সমতা ফেরায় স্বাগতিক দলের অ্যাটাকিং মিডফিল্ডার আলেকসেই মিরানচুক।
১-১ সমতায় শেষ প্রথমার্ধের খেলা। এই সমতাতেই শেষ হয় দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলা। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জুভেন্তাসকে জয়সূচক গোল এনে দেন বদলি নামা কস্তা। গনসালো হিগুয়াইনের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
এই জয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জুভেন্তাস।
দ্বিতীয়স্থানে আছে দিনের অপর ম্যাচে বায়ার লেভারকুসেনের মাছে ২-১ গোলে হারা আতলেতিকো মাদ্রিদ। চার ম্যাচে দলটির পয়েন্ট ৭।
