ভীষণ অভিমান প্রসেনজিতের

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৪৭ এএম

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রাখি, গুলজারসহ অনেকেই উপস্থিত থাকবেন।

প্রশ্ন উঠেছে উৎসবের সাবেক চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। এই নায়কের পরিবর্তে রাজ চক্রবর্তী এ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল।

প্রসেনজিৎকে উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি কি সেখানে যাচ্ছেন? এ প্রশ্নের জবাবে বললেন ‘‘আমন্ত্রণ পেয়েছি, কিন্তু থাকতে পারব কি না জানি না। মুম্বাইয়ে একটা শুট থাকার কথা সেই সময়ে। যদি তা বাতিল হয়, তবেই যাব কিছুক্ষণের জন্য।’’

তিক্ততা কি তার এখনো রয়ে গিয়েছে? ‘‘খারাপ লাগাটা পুরোপুরি ভুলে যেতে সময় লাগবে। তবে এই চলচ্চিত্র উৎসবটা আমাদের। তাই সর্বতোভাবে এর পাশে আছি আমি,’’ বক্তব্য প্রসেনজিতের।

শোনা যাচ্ছে, অভিমান করেই তিনি উৎসবে উপস্থিত থাকতে অনিচ্ছা প্রকাশ করেছেন। গেলেও নাকি মঞ্চে বসবেন না।

সম্প্রতি এক বিজেপি নেতার সঙ্গে একই উড়োজাহাজে চড়ার পর প্রসেনজিতের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আলোচনার ঝড় ওঠে। এরপর উৎসবের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার খবর আসে।

শুক্রবার শুরু হয়ে উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের দুই ছবি নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’ ও এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’।

উৎসবে ২৪টি দেশের ৫৬ জন প্রতিনিধি এবং ভারতের ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন। উৎসবের ফোকাস কান্ট্রি ‘জার্মানি’। উৎসবে জার্মানির ৪২টি ছবি দেখানো হবে। মোট ৭৬টি দেশের ২১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৫২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে কলকাতার ১৭টি প্রেক্ষাগৃহে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত