জকিগঞ্জে বাস উল্টে মা-মেয়েসহ ৩ জন নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:০২ এএম

সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০-২২ জন।

শনিবার সন্ধ্যায় উপজেলার বাবুর বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাইল ইসলামপুর গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২৩), তার শিশুকন্যা রুহেনা বেগম (২) ও মানিকপুর গ্রামের আবদুল কুদ্দুছের স্ত্রী নুরজাহান বেগম (৫০)।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ৫টার দিকে বাবুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধান খেতে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় শিশুসহ ৩জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত