ইবির সাবেক প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করল ছাত্রলীগ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৮:৫০ পিএম

ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবির কর্মী দাবি করে তার কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ কর্মীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে কুশপুত্তলিকা দাহ করে তারা। এর আগে ড. মাহবুবর রহমানকে প্রশাসনিক সকল পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের ছাত্রজীবনে শিবির সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করে আসছে ছাত্রলীগ। সোমবার একটি বেসরকারি টেলিভিশনে মাহবুবর রহমানের শিবির সংশ্লিষ্টতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এই বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও ড. মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ। মিছিলে ছাত্রলীগ কর্মীরা ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে ডায়না চত্বরে মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাতসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এসময় তারা ড. মাহবুবর রহমানের ছাত্রজীবনের শিবির সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে সকল প্রকার প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানায়।

সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বরাবরের মত বলছি তাদের অভিযোগের একটিও প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব। আমি যেহেতু আইনের আশ্রয় নিয়েছি। সম্পূর্ণ বিষয়গুলো আদালতেই মীমাংসা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত