চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাছে সমর্থন চাইলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ। তবে সিপিবি নেতাদের কাছ থেকে আপাতত সমর্থনের প্রতিশ্রুতি না নিয়েই তাকে ফিরতে হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বোয়ালখালী উপজেলা সদরে সিপিবি কার্যালয়ে যান মোছলেম উদ্দিন আহমেদ। সঙ্গে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাও ছিলেন।
সিপিবি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি কানাইলাল দাশ বলেন, মোছলেম উদ্দিন সাহেব নিজেই সৌজন্য সাক্ষাতের জন্য আমাদের অফিসে এসেছিলেন। তিনি আমাদের কাছে নৌকার পক্ষে সমর্থন চেয়েছেন। আমরা আমাদের দলের অবস্থান তুলে ধরেছি। আমরা বলেছি, এই মুহূর্তে আমরা সমর্থনের কোনো কথা বলছি না।
তিনি আরও বলেন, যেহেতু উপনির্বাচনে আমাদের দলীয় কোনো প্রার্থী নেই, আমরাও কারও পক্ষে কাজ করব না। কিন্তু আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের অবস্থান কী হবে, সেটা আমরা পরে বিবেচনা করব।
মোছলেম উদ্দিন বলেন, সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। স্বাধীনতার বিরোধী চক্র এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে উপনির্বাচনে যার যার অবস্থান থেকে আপনারা নৌকার পাশে থাকবেন— এই প্রত্যাশা করছি।
মোছলেম উদ্দিন আহমেদ নির্বাচিত হলে একবছরের মধ্যে কালুরঘাটে সড়ক সেতুর নির্মাণকাজ দৃশ্যমান করার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপজেলা সিপিবির সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের, কমরেড মোহাম্মদ আলী, ডা. অসীম কুমার চৌধুরী, শিক্ষক আমীর হোসেন, অনুপম বড়ুয়া পারু, মো. শাহাজাহান, মৃত্যুঞ্জয় দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম ছিলেন।
জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ১৩ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এতে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন নৌকার প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং ধানের শীষের প্রার্থী একই জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
