দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলায় ক্ষুব্ধ ভারতীয় বিনোদন জগতের তারকারা।
রবিবার সন্ধ্যায় মুখোশ পরা দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে রক্তাক্ত করে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন টলিউড-বলিউড তারকা ও নির্মাতারা।
সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনুপম রায়, স্বরা ভাস্কর, অপর্ণা সেন, সৌকর্য ঘোষাল, আদিল হোসেন, পিয়া চক্রবর্তীসহ অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন হোস্টেল ফি বাড়িয়ে দেয়ায় কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। এ ছাড়া দেশটির বিতর্কিত নাগরিক আইনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ চালায় তারা।
এর জেরে রীতিমতো লোহার রড, ব্যাট, অ্যাসিড নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায় দুষ্কৃতকারীরা। জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের অভিযোগ, দুষ্কৃতকারীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কর্মী।
সন্ধ্যায় সময় কয়েকটি গাড়ি করে ক্যাম্পাসে প্রবেশ করে সশস্ত্র হামলাকারীরা। শুরুতে মেয়েদের সাবরমতী হোস্টেলে হামলা চালানো হয়। লোহার রড দিয়ে রক্তাক্ত করা হয় তাদের। বাদ যাননি গুরুতর আহত হয়েছেন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। তাকেসহ রক্তাক্ত একাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আহত হন অধ্যাপিক সুচরিতা সেন।
এর আগে হামলার শিকার হয়েছিল জামিয়া মিলিয়া ও আলীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাগরিকত্ব আইনের ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ।
