আমরা শিশুসুলভ ভুল করেছি: মেসি

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১০:০৯ এএম

স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, শিশুসুলভ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে তাদের।

সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টটির শেষ চারের লড়াইয়ে আতলেতিকোর কাছে ৩-২ গোলে হারে। ম্যাচটির পাঁচটি গোল আসে দ্বিতীয়ার্ধে।

প্রথমে পিছিয়ে পড়লেও সমতা ফিরিয়ে একপর্যায়ে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের হতাশ করে আতলেতিকো।

একই ভেন্যুতে রোববার ফাইনালে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে দিয়েগো সিমেওনের দল।

বার্সেলোনার হার প্রসঙ্গে ম্যাচ শেষে অধিনায়ক মেসি বলেন, “এটা লজ্জা। কারণ কিছু কিছু সময়ে আমরা ঝিমিয়ে পড়েছিলাম এবং কিছু শিশুসুলভ ভুল করেছি।”

“ম্যাচের শেষ পর্যন্তই আমাদের ভালো খেলা উচিত ছিল। শেষের সময়টা আমাদের জন্য একটা ধাক্কা ছিল। ম্যাচ জুড়ে আমরাই ভালো দল ছিলাম। কিন্তু কিছু ভুলের জন্য আমাদের চড়া মূল্য দিতে হলো।”

“এটা কষ্টদায়ক। কারণ শিরোপাটি জিততে আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম। এটা জিততে চেয়েছিলাম।...আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। কিন্তু দুঃখজনক, আমরা জিততে পারিনি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত