সকল প্রকার ভয়-ভীতি উপেক্ষা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে বিএনপি সমর্থিত ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উত্তরার জয়নাল মার্কেট থেকে প্রচার শুরু করেন।
এরপর তিনি আজমপুর হয়ে চৈতি গার্মেন্টস, উত্তরখান মাজার, ময়নার টেক, মাস্টার বাড়ি, আটপাড়া, ফায়েদাবাদ চৌরাস্তায় জনসংযোগ করবেন।
শুক্রবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১ নং রোডের মসজিদে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে ধানের শীর্ষের প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, প্রচারণার মাত্র দ্বিতীয় দিন সামনের দিনগুলোতে দেখবো সকল প্রার্থী প্রচারণা সুষ্ঠুভাবে চালাতে পারে কিনা।
বিএনপির এ মেয়রপ্রার্থী বলেন, গতকাল বিকেলেও আমাদের অনেক কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়েছেন। তাদের প্রচার কাজ দেরিতে শুরু করতে হয়েছে। যারা বিএনপির সমর্থিত, নির্বাচন নিয়ে সকলে শঙ্কায় আছে। আমরা আশা করবো জনগণ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পদক্ষেপ ইসি নেবে।
তিনি বলেন, ঢাকার নতুন ওয়ার্ডগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন করবো। যাতে আধুনিক ঢাকার সাথে নতুন ওয়ার্ডের সমতা আসে।
তাবিথ আউয়াল বলেন, ভোটাররা সরকারের দুর্নীতি অপশাসনের শিকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নিয়ে করবো। ঢাকাকে বাঁচাতে আমাদের সকল পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়তে তুলতে হবে।
এ সময় তাবিথের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদল ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
