বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের দাবিতে বিভাগীয় প্রধানের কক্ষে তালা লাগিয়ে আন্দোলন করছে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে আন্দোলন করছে তারা।
জানা যায়, গত বছর ৩রা নভেম্বর অনার্স ৮ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হলেও এখনো তাদের রেজাল্ট প্রকাশ করছে না বিভাগটি। শিক্ষকদের অবহেলার কারণে দুই বছরের সেশন জটে ভুগছে বিভাগটির শিক্ষার্থীরা। দুই বছর আগেই অনার্স শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ করতে পারছেন না তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমাদের সেশনের সঙ্গে যারা অন্য বিভাগে পড়ত তারা বের হয়ে অনেকেই এখন বিভিন্ন চাকরি করে তাদের সংসারের হাল ধরেছে। অপরদিকে আমরা পরিবারের হাল ধরা তো দূরের কথা, এখনো প্রতি মাসে বাড়ি থেকেই টাকা নিচ্ছি। বাড়িতে, আত্মীয়-স্বজনদের সামনে মুখ দেখাতে পারছি না। আর বিভাগে শিক্ষকগণ আমাদের কথা কোনোভাবেই ভাবছে না। নিয়মিত ক্লাস-পরীক্ষা এমনকি পরীক্ষা দেওয়ার পরে সময়মতো রেজাল্টও দিচ্ছে না।
এ বিষয়ে বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেন জানান, ‘অক্টোবরে তাদের পরীক্ষা হয়েছে। তাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল জানুয়ারির মধ্যেই তাদের রেজাল্ট দিতে পারলে অনেক উপকার হবে। আমি বলেছিলাম মাস্টার্সের আর তোমাদের রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। এরপর বলা নাই কওয়া নাই আজকে দেখি এই অবস্থা। আমি ডিপার্টমেন্টে যাচ্ছি এরপর ব্যাপারটা দেখব।’
