নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ক্লাস টেস্ট পরীক্ষায় শিক্ষকদের সঙ্গে এক শিক্ষার্থীর দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর বিচারের দাবিতে বুধবার থেকে সকল ধরনের ক্লাস, পরীক্ষা বর্জন করে বিভাগের শিক্ষকরা।
এই বিষয়ে জানতে চাইলে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য। সেখানে এমবিএ’র একজন শিক্ষার্থী কীভাবে একজন শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে আমার বোধগম্য নয়। আমাদের সহকর্মীর সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত করেছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার না করা পর্যন্ত আমরা সকল ধরনের ক্লাস, পরীক্ষা বর্জন করলাম।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার-উল-আলম বলেন, অভিযুক্ত ওই শিক্ষার্থীকে আমরা সাময়িক বহিষ্কার করছি। ঘটনার তদন্ত করে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব।
