সোনারগাঁয়ে আ. লীগ-জাপা সংঘর্ষ, আহত ৬

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৪ পিএম

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার পাচাঁনী এলাকায় সোমবার রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও গ্রামের হজরত আলীর ছেলে আওয়ামী লীগ নেতা জলিল মিয়ার সঙ্গে একই এলাকার জাতীয় পার্টি সমর্থক কুদ্দুস মিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে জলিল মিয়ার লোকজন কুদ্দুস মিয়ার ওপর হামলা চালিয়ে মারধর করে। 

পরে কুদ্দুস মিয়া, জাহাঙ্গীর মেম্বার, মনির হোসেন মেম্বার সহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জলিল মিয়া ও মাসুদ মিয়াকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ অফিসসহ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়।  পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত জাতীয় পার্টির নেতা মণির মেম্বার ও জাহাঙ্গীর মেম্বার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুদ্দুস মিয়াকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে মারধরের বিষয়টি জলিল মিয়ার কাছে জানতে চাওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।

অপরদিকে আওয়ামী লীগ নেতা জলিল মিয়া বলেন, তিনি কোনো সংঘর্ষের সঙ্গে জড়িত নন। মনির মেম্বার ও জাহাঙ্গীর মেম্বারের লোকজন হামলা চালিয়ে তার লোকজনকে মারধর করে তার অফিস ও বাড়িঘর ভাঙচুর করেছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত