পরকীয়ার জের ধরে শ্বশুরের ওপর জামাইয়ের দুই দফা হামলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ পিএম

পটুয়াখালীতে নিজের মেয়ের জামাই নাজমুল হাসান বাবুর নেতৃত্বে সশস্ত্র হামলায় গুরুতর জখম শ্বশুর জাহাঙ্গীর খন্দকারকে (৪০) হাসপাতালে ভর্তি করার পরও ফের হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি অবস্থায় জাহাঙ্গীর খন্দকারের ওপর হামলা চালানো হয়। এর আগে, বুধবার মেয়ের জামাইয়ের নেতৃত্বে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

এদিকে, দুই দফা হামলার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বঙ্গবন্ধু কলোনির বাসিন্দা জাহাঙ্গীর খন্দকারের পরিবার আতঙ্কে রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় ১১জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জামাই নাজমুলকে গ্রেপ্তার করতে না পারলেও তার এক সহযোগী উজ্জ্বলকে আটক করেছে।

জামাই-শ্বশুরের বিরোধকে কেন্দ্র করে বঙ্গবন্ধু কলোনিতে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

আহত জাহাঙ্গীর জানান, পরকীয়া সম্পর্ক থেকে জামাইকে বিরত থাকতে বলায় তার মেয়েকে মারধর করে আসছিল নাজমুল হাসান বাবু। সর্বশেষ তাকেও মারধর করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মামলার কথা নিশ্চিত করে জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত