বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি চলছে।
শনিবার বেলা ১টা ৫০ মিনিটে প্রথমে দলের যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।
এরপর আস্তে আস্তে আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এর আগে শনিবার সকল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘিরে রাখা হয় বিএনপির কার্যালয়।
পরে বিক্ষোভ মিছিলের পরিবর্তে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পায় দলটি। বেলা ১টা ৪৫ মিনিটের দিকে পুলিশ সরে যায়।
পুলিশের পল্টন জোনের উপ-কমিশনার এনামুল হক মিঠু বলেন, ‘আমাদের কাছে বিক্ষোভ মিছিলের অনুমতি নেই। সে জন্য আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়াপল্টনে অবস্থান নিয়েছি।’
এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের অবস্থান বাড়লে পুলিশ হোটেল ভিক্টোরিয়া ও আশপাশে অবস্থান নেয়। এ সময় নয়াপল্টনে বিএনপির কার্যালয়রে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে। তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।
ওই সমাবেশ থেকে নতুন করে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ পালন করার কথা ছিল।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ-তে ভর্তি আছেন তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ জানিয়ে একাধিকবার তার জামিনের জন্য উচ্চ আদালতে যায় তার আইনজীবীরা। তবে বরাবরই আদালত জামিন নামঞ্জুর করেছে।
