নেত্রকোনার সীমান্ত এলাকায় ভারতীয় গরু আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৭ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা বাংলাদেশে পাচারকালে ১৩টি ভারতীয় গরু আটক করেছে।

রবিবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রংপুর নামক স্থান থেকে গরুগুলো আটক করে।

আটক ১৩টি গরু সোমবার সকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে হস্তান্তর করা হয়েছে। ১৩টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মোহনপুর বিওপি’র নায়েক সুবেদার মো. আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে বিজিবি একটি টহল দল রবিবার গভীর রাতে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ভারতীয় সীমান্ত ১১৮৮/২ এস নং মেইন পিলার হতে ৫’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা দিয়ে গরু পাচারকালে বিজিবি’র জোয়ানরা ১৩টি ভারতীয় গরু আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু পাচারকারিরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত