এক গানে আলিয়া-ক্যাট-আনুশকা-জাহ্নবী-কিয়ারা (ভিডিও)

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০৪:১৭ পিএম

একই গানে নাচলেন এক ঝাঁক বলিউড নায়িকা! তাও আবার ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, কিয়ারা আদবানি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইরফান খান ও রাধিকা মদন অভিনীত ‘ইংরেজি মিডিয়াম’ ছবির জন্য বানানো হয়েছে এই  বিশেষ গান। আর সেই ট্র্যাকেই পা মেলালেন বলি নায়িকারা।

কুড়ি নু নাচনে দে- শিরোনামে গানটির ভিডিওতে দেখা গেছে অনন্যা পান্ডে ও  রাধিকা মদনকেও। বুধবার মুক্তিপ্রাপ্ত এই গান গেয়েছেন বিশাল দাদলানি।

সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন ইরফান খান। বর্তমানে নিউরো এন্ডোক্রিন টিউমার-এর চিকিৎসা চলছে তার, ফলে ছবির প্রচারে থাকতে পারেননি এই অভিনেতা।

পরিচালক হোমি আদাজানিয়া ধন্যবাদ জানিয়েছেন নায়িকাদের। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘ইংরেজি মিডিয়াম-এর জার্নিতে আমার যা কিছু অভিজ্ঞতা হয়েছে তার থেকে একেবারে আলাদা এটি। এত ভালোবাসা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তার কারণ। প্রেম এবং ইতিবাচকতা তো এমনই হয়।’

কিয়ারা এদিন বলেন, সিনেমা ইন্ডাস্ট্রির প্রত্যেকের একে অপরের পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘ইরফান ও হোমি, আমার দুজন প্রিয় মানুষ। ওরা যখন ফোন করল সেখানে না বলার কোনো প্রশ্নই নেই। কারও জন্য কিছু করতে পারলে কেন নয়। এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি চলা উচিত।’

জাহ্নবীর কথায়, ‘ইরফান স্যার আমাদের সবাইকে এত কিছু দিয়েছেন এবং আমরা ওনাকে সুস্থ অবস্থায় তাড়াতাড়ি দেখতে চাই।’

আলিয়া ভাট জানিয়েছেন, যখন তিনি ‘কুড়ি নু…’ শোনেন নিজে থেকেই নেচে ওঠেন।

‘এভাবেই গানটা আমার কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে’, বললেন আলিয়া।

১৩ মার্চ মুক্তি পাচ্ছে ইংরেজি মিডিয়াম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত