করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এবার বিকেএমইএর গার্মেন্টস কারখানাও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, একই কারণে বিজিএমইএর পর গার্মেন্টস কারখানাও বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার এ ব্যাপারে বিশেষ নির্দেশনা জারি করেছে নিট তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএ জানায়, করোনা সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য। মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। এজন্যই দেশের স্বার্থে সরকার সব প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এর আগে ২৫ মার্চ বিকেএমইএ চিঠি দিয়ে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।
কারখানার মালিকদের কাছে পাঠানো নির্দেশনায় সংগঠনটি বলেছে, সরকারের সিদ্ধান্তের মিল রেখে বিকেএমইএর সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো।
এর আগে ২৬ মার্চ তৈরি পোশাক মালিকদের আরেক সংগঠন বিজিএমএর সভাপতি রুবানা হক গার্মেন্টস মালিকদের কাছে সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। এছাড়া সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সব টেক্সটাইল মিলও বন্ধ ঘোষণা করেছে বিটিএমএ।
