নিষেধাজ্ঞা শেষ, ফের অধিনায়ক হতে পারবেন স্মিথ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৩:৩৪ পিএম

স্টিভেন স্মিথের ওপর থেকে শেষ হলো দুই বছরের নেতৃত্বের নিষেধাজ্ঞার খড়গ। ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই তার।

২০১৮ সালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য খেলা থেকে ও দুই বছরের জন্য নেতৃত্ব থেকে নিষিদ্ধ হন স্মিথ। খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন আগেই। রোববার শেষ হলো নেতৃত্বের নিষেধাজ্ঞা। ফের অজি দলের অধিনায়ক হতে সমস্যা নেই তার।

তবে অস্ট্রেলিয়ার নেতৃত্বে সহসা স্মিথকে নাও দেখা যেতে পারে। কেননা টিম পেইন এরই মধ্যে অজি টেস্ট দলের অধিনায়ক হিসেবে জায়গা পোক্ত করে নিয়েছেন। আর সীমিত ওভারের ক্রিকেটে দলকে সফলভাবেই নেতৃত্ব দিচ্ছেন অ্যারন ফিঞ্চ।

করোনাভাইরাসজনিত সংকটের কারণে বিশ্বজুড়ে বন্ধ সব ধরনের খেলাধুলা। নিউজিল্যান্ড সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বছরের মাঝামাঝিতে তাদের বাংলাদেশ সফরও আপাতত স্থগিত। আইপিএলও হচ্ছে না সময়মতো।

অন্য খেলোয়াড়দের মতো এই সময়ে বাড়িতেই সময় কাটছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়দের। নেতৃত্বের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা স্মিথ জানালেন ফিট থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছেন তিনি। বাড়িতে অনুশীলন করছেন, জিম করছেন। ১০ কিলোমিটারের মতো দৌড়াচ্ছেন। চর্চা করছেন গিটার বাজানোও।

স্মিথ বলেন, “এই মুহূর্তে আইপিএল হবে কি-না এটার জন্য তাকিয়ে নেই আমি।…আমি কেবল শারীরিক ও মানসিকভাবে ফিট এবং চনমনে থাকার চেষ্টা করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত