নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে বিয়ে করতে সাইকেলে চড়ে ৮৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিল এক যুবক। যদিও পুলিশের বাধায় শেষমেশ সফল হননি তিনি। সম্প্রতি ভারতে এই ঘটনা ঘটেছে।
জি নিউজ জানায়, লকডাউনে আটকে পড়ে বিয়ে ভেঙে পিছিয়ে গেলেও থেমে থাকেননি পাঞ্জাবের বাসিন্দা সোনু কুমার চৌহান নামে ওই যুবক। ঠিকই তিন বন্ধুসহ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি কনের বাড়ির উদ্দেশ্যে।
জানা যায়, ১৫ এপ্রিল উত্তরপ্রদেশের এক তরুণীর সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল সোনুর। টাইলসের কারখানায় কাজ করেন তিনি। কিন্তু আচমকা লকডাউন শুরু হওয়া বিয়ের অনুষ্ঠানে ছেদ পড়ে।
এতে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়, লকডাউন ওঠে গেলেই বিয়ে সম্পন্ন হবে। কিন্তু ২৪ বছর বয়সী সোনুর তর সইল না। ৮৫০ কিলোমিটার রাস্তা সাইকেলে চড়ে গিয়ে বিয়ে করবেন বলে ঠিক করলেন তিনি।
পাঞ্জাবের লুধিয়ানা থেকে সাইকেলে চড়ে বেরিয়ে পড়লেন সোনু ও তার তিন বন্ধু। নানা প্রতিকূলতার মধ্যে প্রায় সপ্তাহখানেক ধরে সাইকেল চালান তারা। আরেকটু হলে গন্তব্যে পৌঁছেও যেতেন। কিন্তু বাধ সাধল পুলিশ। গন্তব্যস্থল থেকে প্রায় ১৫০ কিলোমিটার আগে আটক করা হয় সোনুদের। এরপর তাদের পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইন সেন্টারে। ১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এরপর সুস্থ হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
