গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আসিফ মাহমুদ জানান, ঠান্ডা-জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৩ এপ্রিল বিআইডব্লিউটিসির দুই কর্মচারীর করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ পরীক্ষার ফলাফলে তাদের পজিটিভ আসে।
এদিকে, ইউএনও রুবাইয়াত হায়াত শিপলু জানান, করোনা আক্রান্ত হওয়া বিআইডব্লিউটিসির ওই দুই কর্মী আগেই তাদের নিজ এলাকায় চলে গেছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই এলাকার প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ওই দুই ব্যক্তি দৌলতদিয়ায় যেখানে থাকতেন, সেখানে অবস্থানরত অন্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিসির সকল কর্মকর্তা ও কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।