চুপিসারে এলো ‘মৃত্যুপুরী’র প্রথম গান

আপডেট : ০৩ মে ২০২০, ০২:১৮ পিএম

টিজার প্রকাশের চার বছর পর নতুন করে খবরে এলো জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী‘। পূর্ব ঘোষণা ছাড়াই আরিফিন শুভ অভিনীত সিনেমাটির টাইটেল গান ইউটিউবে প্রকাশ হয়েছে সম্প্রতি।

‘অন্ধকার রাজত্ব’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন নাভিদ পারভেজ। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।

শুক্রবার গানটির লিংক ফেইসবুকে শেয়ার করে নির্মাতা জায়েদ রেজওয়ান বলেন, অনেক দিন অপেক্ষার পর ‘মৃত্যুপুরী’র টাইটেল গান প্রকাশ হয়েছে। শিগগিরই আসতে চলেছে পুরো সিনেমা।

‘মৃত্যুপুরী’র কাহিনি আবর্তিত হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসীদের নিয়ে। অভিবাসীদের জন্য আদর্শ জায়গা সিডনিতে বাংলাদেশ, চীন, রাশিয়া, লেবাননের শীর্ষ সন্ত্রাসীরাও অস্ট্রেলিয়ায় তাদের রাজত্ব গড়তে চায়। তাদের লড়াই উঠে আসবে এ সিনেমায়।

মূলত প্রযোজনা সংক্রান্ত জটিলতায় ‘মৃত্যুপুরী’র কাজ এতদিন বন্ধ ছিল। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গবিডি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা রেজওয়ান।

সিনেমাটিতে শুভর বিপরীতে আছেন প্রসুন আজাদ। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত