রাজধানীতে র্যাব-৩ এর বিরুদ্ধে ‘রাষ্ট্রচিন্তা’ নামে রাজনৈতিক একটি সংগঠনের সক্রিয় সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। র্যাব সদস্যরা সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যায় বলে দিদারের পরিবার অভিযোগ করে।
তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে র্যাব-৩ এর পক্ষ থেকে জানান হয়।
দিদারের পরিবার জানায়, মঙ্গলবার দিদারকে নিয়ে যাওয়ার সময় ওই বক্তিরা নিজেদের র্যাব-৩ এর সদস্য বলে পরিচয় দেন।
দিদারের ভগ্নিপতি জাকির চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় চ-৫১/১ উত্তর বাড্ডার বাসায় ইফতার তৈরির আয়োজন করছিলেন দিদার। এ সময় বাসার দরজায় নক করে র্যাব-৩ এর পরিচয় দেয় সাদা পোশাকে আসা কয়েকজন লোক। বাসার নিচে একটি মাইক্রোবাস দাঁড়ান ছিল। দিদারকে নিয়ে যাওয়ার সময়ে তার স্ত্রী সন্তান কান্নাকাটি করলে লোকগুলো জানায়, ‘কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন।’
রাষ্ট্রচিন্তার ঢাকা ইউনিটের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এবং বিনা ইউনিফর্মে একটি বাহিনীর নাম ব্যবহার করে তাকে বাসা থেকে তুলে নেয়ার আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন । আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে তাকে নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে র্যাব-৩ এর এএসপি জাফর দেশ রূপান্তরকে বলেন, এ নামে কাউকে র্যাব-৩ এ আনা হয়নি। এ ধরনের কোনো অভিযানের তথ্যও র্যাহ-৩ এর হাতে নেই।
