পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে এক মাছ ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাত ১০টায় তার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে ওই ব্যক্তি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ জন। এর মধ্যে মারা গেছে ৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন। আর আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৭ জন।
রাতেই আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২৫টি বাড়ি লকডাউনসহ ওই এলাকায় প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ওষুধের দোকান ছাড়া পৌর শহরের সকল দোকানপাট আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ কলাপাড়া হাসপাতালের চারজন চিকিৎসক, চারজন নার্স ও সাত কর্মচারীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
