বৃষ্টিতে বাড়তি সতর্কতা

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:৪২ এএম

আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ঘন ঘন। সকালে হয়তো ঝকঝকে রোদ, দুপুর হতে না হতেই ঝুম বৃষ্টি। এ সময় বাইরে থাকলে বেশ ঝামেলা পোহাতে হয়। তাই এ সময়ে কিছু সতর্কতা মেনে চললে বৃষ্টির ঝক্কি কিছুটা কমানো যায়।

পোশাক : বাইরে বের হওয়ার সময় ভারী কোনো পোশাক না পরে বাছাই করতে হবে হালকা পোশাক। পোশাক হালকা হলে, বৃষ্টিতে ভিজে গেলেও শুকাতে সময় লাগবে না, আবার রোদের সময়েও আরাম লাগবে। সুতি কাপড় এ ক্ষেত্রে সবচেয়ে আরামদায়ক। চাইলে সিল্ক বা জর্জেটের পোশাকও বাছাই করা যায়।

ঘরের পরিচ্ছন্নতা : আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ঘরবাড়ি স্যাঁতসেঁতে হয়ে থাকতে পারে। এমন অবস্থা দূর করতে ঘরের জানালা খুলে দিন। ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকে। স্যাঁতসেঁতে ঘর মানেই রোগজীবাণু এবং পোকামাকড় বেড়ে যাওয়ার সম্ভাবনা। মেঝে যদি বারবার ভিজে ওঠে তাহলে শুকনো কাপড় দিয়ে কিছু সময় পরপর মুছে ফেলুন।

স্বাস্থ্য সুরক্ষা : আবহাওয়ার বদলে রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার। পরিবহন থেকে নেমে গন্তব্যস্থলে পৌঁছেই সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নিন। খাবার তালিকায় অবশ্যই মৌসুমি ফলমূল, শাকসবজি রাখতে হবে।

ব্যাগে যা রাখবেন : বাইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুফ ব্যাগ নিন। এতে পানি লাগলেও ব্যাগের ভেতরের জিনিসের ক্ষতি হবে না। এমন না হলে, ব্যাগে একটি পলিব্যাগ রাখা যায়। মোবাইল, ইয়ারফোন, ঘড়ি, মানিব্যাগ ইত্যাদি পলিব্যাগে রাখলে সুরক্ষিত থাকবে। ব্যাগে অবশ্যই ছাতা, টিস্যু বা রুমাল, পানির বোতল রাখবেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত