কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরেক রোগীর মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২০, ০৮:৫৩ এএম

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা ইয়াদ আলী (৮৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার বিকেল ৫টায় খুলনা করেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।

এ নিয়ে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ১৪ জুন কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ইয়াদ আলীর কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়।

তিনি বয়স্ক হওয়ায় আরও অন্যান্য রোগেরও লক্ষণ থাকায় গত ১৫ তারিখে খুলনা করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিৎিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যদিও মৃতের স্বজনরা তার লাশ গ্রহণে রাজি না হওয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা থেকে মরদেহ এনে দাফনের দায়িত্ব পালন করছেন।

এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব, সিভিল সার্জন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত তথ্যানুযায়ী মূলত ঈদের পর থেকে গত ১৫ দিনের মধ্যে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্তদের ক্রমবৃদ্ধির সংখ্যা চরম উদ্বেগজনক পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

বুধবার রাত ৮টায় প্রকাশিত ফলাফলে কুষ্টিয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে ২০ রোগী শনাক্তের মধ্যদিয়ে এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জন (বহিরাগত বাদে)।

উপজেলা ভিত্তিক শনাক্তকৃত রোগীরা হলেন- যথাক্রমে দৌলতপুর ৪০, ভেড়ামারা ৪০, মিরপুর ২০, সদর ১২১, কুমারখালী ৩৮, খোকসা ১৪। আক্রান্তদের মধ্যে ২০৬ পুরুষ এবং ৬৭ জন নারী রোগী রয়েছে।

এদের মধ্যে ৭১ জন রোগী সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৪ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন এবং খুলনা করোনা হাসপালে চিকিৎসাধীন ৩ জন।

গত ১১ জুন কুষ্টিয়াতে করোনা আক্রান্তে প্রথম মৃত্যু হয় কুমারখালীর শেরকান্দি গ্রামের মোকদ্দেস হোসেন নামের শতবর্ষী এক বৃদ্ধের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত