কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:১১ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল গ্রামে করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। আরও এক বৃদ্ধ অসুস্থ্য অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীরা হলেন- ওয়াহিদ মিয়া (৬০) ও আলতা মিয়া (৬২)। বাড়িতে অসুস্থ্য অবস্থায় চিকিৎসা সেবা নিচ্ছেন রমুজ মিয়া (৫৭)। এ ঘটনার পর থেকে স্থানীয়ভাবে ভানুবিল গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন ভানুবিল গ্রামে গেলে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হলে বৃদ্ধ ওয়াহিদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।

এদিকে শুক্রবার সকাল ৭টায় জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে মারা যান ওয়াহিদ মিয়ার প্রতিবেশী আলতা মিয়া। একই সাথে একই গ্রামের রমুজ মিয়া নামের আরও এক বৃদ্ধ একই উপসর্গ নিয়ে অসুস্থ্য রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মনিন্দ্র সিংহ দেশ রূপান্তরকে জানান, মৃত দুইজন ও অসুস্থ্য অপরজন একই উপসর্গে ভুগছিলেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুই ব্যক্তির মৃত্যু ও আর একজন অসুস্থ্য থাকার কথা শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন বলেও তিনি জানান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা মৃত দুই বৃদ্ধ ও অসুস্থ্য বৃদ্ধের নমুনা সংগ্রহ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত