সেভিয়ার সঙ্গে ড্র করার পর চলতি মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে। শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এভাবে খেললে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারাতে হতে পারে।
করোনাভাইরাস সংকটের পর নিজেদের প্রথম ম্যাচে লেগানেসকে ২-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে শুক্রবার সেভিয়ার মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে বার্সেলোনা। পক্ষান্তরে রিয়াল মাদ্রিদ গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয়।
লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলা রিয়াল ৬২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।
রবিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় পেলে বার্সার সঙ্গে ব্যবধান আরও কমিয়ে আনবে জিনেদিন জিদানের দল।
রিয়াল ও নিজেদের শেষ দুই রাউন্ডের ম্যাচ দেখে বার্সা তারকা পিকের ধারণা, এবার তাদের লিগ শিরোপা ধরে রাখাটা খুবই কঠিন হবে।
সেভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে হতাশার সুরে স্প্যানিশ এই সেন্টার-ব্যাক বলেন, “গত দুই রাউন্ডে যা দেখলাম তাতে মনে হচ্ছে, এবার লিগ জেতা খুব কঠিন হতে যাচ্ছে।”
“আমরা সর্বোচ্চটা দিয়েই খেলবো। তবে আমি যা দেখেছি, তাতে রিয়াল মাদ্রিদ খুব বেশি পয়েন্ট হারাবে না বলে মনে হচ্ছে। তাদেরকে পয়েন্ট হারাতে নাও দেখা যেতে পারে।”
অবশ্য এক ড্রতেই হতাশ হতে নারাজ বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন। শিষ্য পিকের মন্তব্য নিয়ে তিনি বলেন, “হতাশা থেকে এই ধরনের মন্তব্য আসে। আমি আশাবাদী। প্রত্যেক দলের জন্যই সর্বোচ্চ পয়েন্ট নিশ্চিত করাটা কঠিন।”