করোনায় স্থগিত ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ উৎসব

আপডেট : ২১ জুন ২০২০, ০৮:৩০ পিএম

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসবসহ রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রা উৎযাপন কমিটি। তবে স্বাস্থ্য বিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলেও জানিয়েছে কমিটি।

রথযাত্রা উৎযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আগামী ২৩ তারিখ রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা থাকলেও সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস হানা দেওয়ায় ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে এবারের রথযাত্রা উৎসব এবং রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে।

অন্যদিকে রথযাত্রা উৎসব স্থগিত করা হলেও প্রতিবারের মতো এবারও এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ব বৃহৎ যশোমাধবের এই রথটি রং তুলিতে সাজানোর যাবতীয় কাজ সম্পন্ন করেছে রথযাত্রা উদ্‌যাপন কমিটি।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাক বাহিনী রথ পুড়িয়ে দিলে সে বছর ১ম বার ধামরাইয়ের এই ৪শ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনা ভাইরাসের কারনে ২য় বারের মতো রথযাত্রা উৎসব আয়োজন স্থগিত করা হলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত