নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আকরাম হোসেন (২৫) ওই গ্রামের আবদুল গফুরের ছেলে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, গোপন খবর পেয়ে আকরামকে ধরতে গেলে তিনি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
প্রায় ১৫ মিনিট গোলাগুলির একপর্যায়ে আকরামের সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ছয়টি গুলির খোসা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
গত ৬ জুন অর্জুনতলা গ্রামের এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ১১ জুন আকরামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় তিনজনকে আটক করা হয়। বাকিরা পলাতক রয়েছেন।
