পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আপডেট : ১২ জুলাই ২০২০, ১২:২৩ এএম

‘পাট শিল্প বাঁচাও, পাট চাষী বাঁচাও’ শ্লোগানে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের ১ নম্বর রেলগেটস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলগুলো রাষ্ট্রীয়করণ করা হয়। কিন্তু সরকার এখন লোকসানের কথা বলে পাটকলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ এই পাট চাষ দেশের উন্নয়নে অনেক কাজে লাগছে। পাটকলগুলো বন্ধ করে পাট চাষ ও পাট শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা না করে মাত্র ১২০০ কোটি টাকা বিনিয়োগ করে আধুনিকায়ন করার মাধ্যমে দেশীয় পাট শিল্প টিকিয়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, পাটকল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে পাটকল শ্রমিক, পাট চাষী ও দেশবাসীকে এগিয়ে আসতে হবে। সরকার যদি পাটকল বন্ধের মত গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে করোনা মহামারি মোকাবিলায় গাইবান্ধায় পিআির ল্যাব চালুর জোড় দাবি জানান বক্তারা। এছাড়াও গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে একই সময় পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত