এশিয়ার সেরা পাঁচে জীবনের গোল

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০২:০৯ এএম

২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে হওয়া এএফসি কাপের ম্যাচগুলো থেকে সেরা পাঁচ গোল বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যে তালিকায় জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের জাতীয় দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের গোল।

বৃহস্পতিবার এএফসি তাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পাঁচ নির্বাচন করে সেই তালিকায় প্রকাশ করেছে। ‘ফ্লিকস, ট্রিকস অ্যান্ড ব্যাকহিলস’ ক্যাটাগরির সেরা পাঁচে রয়েছে জীবনের গোল।

গত বছর ১৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে গোলটি করেছিলেন জীবন। সতীর্থ কারভেন্স বেলফোর্ট বা প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করেছিলেন। তার দুর্দান্ত এক ক্রস থেকে জীবনের ব্যাকহিলে বল জালে জড়ানো ছিল আরো নজর কাড়া। ম্যাচটা অবশ্য সেদিন ২-২ গোলে ড্র হয়।

জীবনের সঙ্গে সেরা পাঁচের এই তালিকায় ঠাঁই পাওয়া অন্য চার ফুটবলার হলেন- উজবেক ক্লাব এএফসি নাসাফের লাটভিয়ান মিডফিল্ডার পেরেপ্লোতকিনস, ইরাকের এরবিল ক্লাবের আমজাদ রাধি, জর্ডানের আল-ওয়েহদাত ক্লাবের বাহা ফয়সাল এবং সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হাফিজ নূর।

এই তালিকা থেকে সেরা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এএফসির ওয়েবসাইটে এরই মধ্যে শুরু হয়েছে ভোটিং কার্যক্রম। চলবে ২৩ জুলাই পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত