মাদারীপুরে অজ্ঞানপার্টির ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৯:২০ পিএম

মাদারীপুর থেকে ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইলসহ অজ্ঞানপার্টির ৪ সদস্যকে সোমবার বিকেলে শরিয়তপুর থেকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। শরিয়তপুরের পালং থেকে ২ জন ও জাজিরা থেকে ২ জনকে আটক করা হয়।

সোমবার রাতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। 

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত ১৫ জুলাই সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে ইজিবাইক ভাড়া করে পুরাতন ফেরিঘাট এলাকার দিকে ওঠে ৪ যাত্রী। এ সময় চালক রিফাত শেখকে নাক ও মুখ চেপে ধরে কোমড়ে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে চালকের ইজিবাইক ও মোবাইল ফোনটি নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা।

এই অভিযোগের প্রেক্ষিতে শরিয়তপুর থেকে অজ্ঞানপার্টির সক্রিয় ৪ সদস্যকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আদল উদ্দিন শেখের ছেলে মো. দিদার শেখ (৩৮), শরিয়তপুরের পালং থানার আমতলী গ্রামের মৃত কালাই বেপারীর ছেলে আবুল কালাম (৪৫), মনকোলা গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩২) ও নীলকান্দি গ্রামের মোবারক আলী মুন্সীর ছেলে মেহেদী হাসান সাইফুল (৩৭)। উদ্ধার করা হয় ইজিবাইক ও মোবাইল ফোন।

মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামের রিপন শেখের ছেলে ইজিবাইক চালক রিফাত শেখ (১৯) এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আটককৃতদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত