নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০২:০৬ পিএম

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফ হোসেন ওরফে মুছা (৬০) নামে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালে শহরের দ্বিগুবাবুর বাজার সংলগ্ন ফকিরটোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুছা মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত আরিফ হোসেনের ভাই শওকত হোসেন দেশ রূপান্তরকে জানান, মুছা সকালে শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জে আসেন। পরে ২নং রেলগেট সংলগ্ন ফকিরটোলা মসজিদের সামনে এলে তিনজন ছিনতাইকারী তাকে ঘেরাও করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা বাঁচাতে ধস্তাধস্তি শুরু করেন তিনি। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক পারভেজ দেশ রূপান্তরকে বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আমরা একজনকে আটক করেছি। বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত