মরণোত্তর জাতীয় পুরস্কার পেতে পারেন সুশান্ত সিং রাজপুত

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১১:৪৪ পিএম

মরণোত্তর জাতীয় পুরস্কার পেতে পারেন সুশান্ত সিং রাজপুত। এমনটাই শোনা গিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে। শোনা গিয়েছে, বিশেষ সম্মান দেওয়া হবে সুশান্তকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা গোটা দেশের বিনোদন মহলের ভিত নাড়িয়ে দিয়েছে। জীবনকালে নিজের কাজের জন্য সুশান্ত সেভাবে কোনও সম্মান বা পুরস্কার পাননি। সেই ঘাটতি পূরণ করতেই তাকে মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় সিনেমায় অবদানের জন্যই সুশান্ত সিং রাজপুতকে বিশেষভাবে সম্মানিত করা হবে।

এরই মধ্যে সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন, অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টে গড়মিল ছিল। সুশান্তের বাবা কেকে সিংয়ের  হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন বিকাশ। তার কথায়, “যে রিপোর্ট আমি হাতে পেয়েছি তা দেখে মনে হয়েছে সুশান্তের মৃত্যুর সময় এই মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুশান্ত নিজে আত্মহত্যা করেছেন না তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সে সম্পর্কে রিপোর্টে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কেন ময়নাতদন্তের রিপোর্টে ধোঁয়াশা রাখা হয়েছে? তা জানতেই সিবিআই তদন্তের প্রয়োজন।’ বিকাশের অভিযোগ, মুম্বাই পুলিশ পেশাদার। তবে মহারাষ্ট্রের হাই-প্রোফাইল রাজনীতিবিদরা মুম্বাই পুলিশের উপর চাপ সৃষ্টি করছে। তাই যথাযথ তদন্ত হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত