চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ফারুক (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে উপজেলার সরল ইউনিয়নে পূর্ব মিনজিরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ ফারুক পুর্ব মিনজিরিতলা গ্রামের টেইলার্স মাইমুনুর রশিদের ছেলে এবং সরলের মিনজীরিতলায় অবস্থিত হাকিমিয়া দাখিল মাদ্রাসার দাখিলের ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে সরল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মিনজিরিতলা গ্রামে মাইমুনুর রশিদের ছেলে মোহাম্মদ ফারুক (১৫) বাড়ির বারান্দায় একটি বৈদ্যুতিক তারে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে বেহুশ হয়ে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে দ্রুত বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানা পুলিশের এসআই মো. হাবিব খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং তথ্য সংগ্রহ করেন। মোহাম্মদ ফারুকের ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। রাতেই তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয় বলে প্রতিবেশী মিন্টু সিকদার এ প্রতিনিধিকে জানান।
