দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৩:২৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯৭৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৫২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১টি ল্যাবে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২৪ জন পুরুষ, ১০ জন নারী। ৩১ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন।

তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

১৮ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ১ জন বরিশাল বিভাগের, ৪ জন সিলেট বিভাগের এবং ২ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত