নগরবাসীর দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক অ্যাকশন চালানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।
তিনি বলেছেন, নগরের যেসব স্থায়ী সমস্যাগুলো আছে তার একটি স্থায়ী সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয় দিক-নির্দেশনা অনুসন্ধান করছি।
সোমবার দুপুরে নগরীর বহদ্দারহাটের আরাকান সড়কে নগরসেবায় ক্যারাভান কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, জনদুর্ভোগের যে কারণগুলো স্পষ্ট হয়ে উঠেছে তা চিহ্নিত করে সুরাহা করাটা আমার কর্তব্য। সুরাহা করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হবো তা অবশ্যই অতিক্রম করে যাব। আমার এ উদ্দেশ্য পূরণে চসিকের সব বিভাগের কর্মকর্তাকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছি। এ নির্দেশনানুযায়ী অর্পিত দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হলে তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
নগরসেবায় ক্যারাভান কার্যবিধি সম্পর্কে তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর সড়ক ও জনপথ, ড্রেইন, ফুটপাতে যে সমস্যা বিরাজমান তা মিটিং কিংবা কমিটি গঠন করে সময়ক্ষেপণ না করে সরেজমিন মাঠে থেকে তা স্পটে সমাধান করা হবে। ক্যারাভান কার্যক্রমের অধীনে চলতি পথে ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্ন কার্যক্রমসহ যেসব সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় তা তাৎক্ষণিকভাবে সমাধান করছি।
প্রশাসক এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের অভাব-অভিযোগগুলো শুনে তা সমাধানের দিক-নির্দেশনা দেন। যা পেয়ে এলাকাবাসী সন্তুষ্টিচিত্তে অভিবাদন জানান।
