অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে এবং ভাড়াও একই থাকবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বাংলাদেশ রেলওয়ের জন্য লাগেজ ভ্যান সংগ্রহে সোমবার রেলভবনে চীনের এক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, সব ট্রেন আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন ওপরের দিকে যাবে না নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।
রেলের ভাড়া বাড়ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নিইনি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে। তিনি পণ্য পরিবহন করে রেলের আয় বাড়াতে বলেছেন।
ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, ভবিষ্যতে যখন মানুষের সামর্থ্য বাড়বে, যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস যখন বৃদ্ধি করতে পারব, যখন একটা স্বাভাবিক অবস্থা আসবে, তখন সেটা (ভাড়া বৃদ্ধি) নিয়ে চিন্তা করতে পারি কিনা- সেটি নিয়ে দেড় বছর আগে একটি কমিটি করে দায়িত্ব দিয়েছিলাম। সেই কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন উপস্থাপন করেছে। তার মানে এই নয় যে আমরা রেলের ভাড়া বৃদ্ধি করছি। বিভিন্ন পত্রপত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, সেটি কিন্তু সঠিক না।
করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।