হবিগঞ্জে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ পিএম

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক আমার হবিগঞ্জর প্রধান প্রতিবেদক তারেক হাবিব। শনিবার বেলা ২টায় হবিগঞ্জ থানার ১০ গজ দূরে উপজেলা ভূমি অফিসের সামনে। আহত সাংবাদিক তারেককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন আহত তারেকের উদ্ধৃতি দিয়ে দেশ রূপান্তরকে জানান, শহরের থানার মোড় থেকে হেঁটে পত্রিকা অফিসে যাওয়ার সময় পাঁচ-সাতজন যুবক তার পথরোধ করে। তারা রড দিয়ে তার মাথা, পিঠসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পথচারীরা তারেককে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা সদর্পে স্থান ত্যাগ করে।

তিনি আরো জানান, হামলাকারীদের মধ্যে সুহেল ও শাওন নামে দুই যুবককে চিনতে পেরেছেন। তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। অপর হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল।

তিনি জানান, ‘এমপি সাবের বিরুদ্ধে আর নিউজ করবিনি, এই দ্যাখ মজা’ বলে বেধড়ক পেটাতে থাকে। যাওয়ার সময় এরা তারেকের মোবাইল ফোন ও মানি ব্যাগসহ সঙ্গে থাকা জরুরি কিছু কাগজপত্র নিয়ে গেছে। তারেক সুস্থ হওয়ার পর  আইনের আশ্রয় নেয়া হবে বলে জানান বার্তা সম্পাদক  রায়হান উদ্দিন সুমন।

হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, আহত সাংবাদিক তারেককে হাসপাতালে দেখে এসেছি। মামলা করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত