পঞ্চগড়ে জীবিত মেছো বিড়াল উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তবর্তী শিবচন্ডী গ্রামে ধরা পড়েছে জীবিত মেছো বিড়াল। রবিবার দুপুরে শিবচন্ডী গ্রামবাসীরা চা বাগান থেকে মেছো বিড়ালটিকে আটক করে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে চা বাগানে কাজ করছিল শ্রমিকেরা। সে সময় চা বাগানের ভেতর থেকে তাপস ও আলম নামে দুজন চা শ্রমিক মেছো বিড়ালটিকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইছামুলের বাড়ির সামনে মেছো বিড়ালটিকে বেঁধে রাখা হয়। বাঘ মনে করেই প্রাণীটিকে ধরা হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় প্রদীপ চন্দ্র রায় জানায়, রবিবার খবর আসে যে বাঘ ধরা পড়েছে। শিবচন্ডী গ্রামে ছুটে গিয়ে দেখি বাঘের মত প্রাণীটিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে।

খবর শুনে তেঁতুলিয়া উপজেলা বন বিভাগের বীট কর্মকর্তা শহীদুর রহমান সরেজমিনে গিয়ে নিশ্চিত করেন, এটি একটি মেছো বিড়াল। বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে পঞ্চগড় বন বিভাগের খাঁচায় সংরক্ষণ করা হবে। তিনি বলেন, এটি মেছো বিড়াল। এক ফুট উঁচু এবং দুই ফুট লম্বা। ৪/৫ বছর বয়স হতে পারে। 

বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ জানান, বনবিড়াল, মেছো বিড়াল, গন্ধগোকুল, বেজি, শেয়ালসহ অনেক বন্যপ্রাণী বিলুপ্তপ্রায়। গত দুই দশকে পঞ্চগড়ে চা বাগান সৃজনের কারণে এসব আবার দেখা যাচ্ছে। তবে কিছু মানুষ এসব শিকার করছে। এর আগে জেলায় তিনটি চিতাবাঘকে হত্যা করা হয়েছে।

পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার স্যানাল জানান, বেলার পক্ষ থেকে এলাকায় বনবিড়াল, মেছো বিড়াল, গন্ধগোকুল, বেজি, শেয়ালসহ বন্যপ্রাণীদের রক্ষার জন্য সচেতনতামূলক কর্মসূচি পালন করেছি।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, বন্যপ্রাণী সংরক্ষণে পুলিশ তৎপর রয়েছে। কোথাও কোন বন্যপ্রাণী দেখা গেলে যেন হত্যা করা না হয় সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত