‘ভালোবাসা অপরাধ হলে সুশান্তকে ভালোবেসে গ্রেপ্তার হতে প্রস্তুত রিয়া’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩ পিএম

‘ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য গ্রেপ্তার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।’ সুশান্ত মামলায় মাদক সম্পৃক্ততার কারণে রিয়াকে এনসিবি-র সমন পাঠানোর কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে।

সতীশ মানশিন্ডের কথায়, ‘রিয়ার বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গিয়েছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।’

মানশিন্ডে আরও বলেন, ‘রিয়া নির্দোষ, আর সেকারণেই সিবিআই, ইডি, এনসিবি এবং বিহার পুলিশের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রেই তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি।’

এদিকে সমন পাওয়ার পর ইতিমধ্যেই এনসিবি-র দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর এনিসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে,এনসিপি- ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রাসহ ৫ সদস্যের দল রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন।

ইতিমধ্যেই মাদক কাণ্ডে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে (বয়স ২৪) গ্রেপ্তার করেছে এনসিবি।। আর এরপরেই রিয়া ও সৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেন, ‘অভিনন্দন ভারত, আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন। পরের লাইনে রয়েছে আমার মেয়ে। আমি জানি না, তারপরে কে রয়েছে? একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। তবে ন্যায়বিচারের জন্য সবকিছুই ন্যায়সংগত। জয় হিন্দ।’ প্রসঙ্গত, তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে নিজেই জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত